মীরসরাইয়ে পান চাষে স্বাবলম্বী ৫ শতাধিক পরিবার
পলাশ মাহবুব, মীরসরাই ॥ মহেশখালীর পানের মতো নাম কুড়াতে না পারলেও মীরসরাইয়ের পানের ভবিষ্যত নিয়ে অনেক আশাবাদী এলাকার পানচাষিরা। ইতোমধ্যে মীরসরাই-সীতাকুণ্ডের পান অনেক কদরও পাচ্ছে ক্রেতাদের কাছে। পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন এ উপজেলার ৫ শতাধিক পরিবার। লাভ ভালো হওয়ায় কৃষকরা পান চাষে উৎসাহী হচ্ছেন। অনেকে ধান ও সবজি চাষ ছেড়ে পান চাষ করছেন।
মীরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ একর জমিতে পান চাষ হয়েছে। আর এতে করে প্রায় ৫ শতাধিক চাষি স্বাবলম্বী হয়েছেন। পান চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর পান চাষির সংখ্যা বাড়ছে। তবে বর্ষা মৌসুমে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানের বরজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। শীত এলেই পান চাষিদের মুখে হাসি ফোটে।
তবে অতিরিক্ত শীতে বরজের পান পেকে পড়ে যায়। তাই শীতের শুরুতে পানের দাম ভালো থাকে। এ সময় বরজ থেকে পান কম ঝরে পড়ে। আবার শীতের শেষে গ্রীষ্মের শুরুতে...


