ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।সোমবার বিকেল ৫টা ৩৯ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে বের হন। বিকেল ৫টা ৪৯ মিনিটে তিনি বনানী কবরস্থানে পৌঁছান।সেখানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি। এসময় খালেদা জিয়াকে বারবার চোখ মুছতে দেখা যায়।কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা ও দরুদ পাঠ করে মুনাজাত করেন তিনি। এসময় তার সঙ্গে নেতাকর্মীরাও হাত তুলে মুনাজাত করেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুব হোসেনসহ সিনিয়র নেতারাও এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীর্ঘ ৯২ দিন রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর রোববার আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এসময় তার পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে আদালত থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।

