দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৭/৬
জিম্বাবুয়ে : ৩৯.৫ ওভারে ১৭৩
ফল : বাংলাদেশ ১২৪ রানে জয়ী
হতে পারত এনামুল হকের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। হলো না কিন্তু।
৫০ ওভারের ক্রিকেটে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের চার হাজার রানের মাইলফলকও ছিল দৃষ্টিসীমায়। সময়ের প্রবাহে সেটি দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল যদিও।
স্পেলের শুরুটা এমন বিধ্বংসী ছিল যে মাশরাফি বিন মর্তুজার টানা দ্বিতীয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জয় অসম্ভব ছিল না মোটেও। সম্ভব তো তা হলো না তবু।
এত সব না হওয়ার ভিড়ে কাল শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ চত্বরে হলো যা, সেটির মূল্য অমূল্য। এর তুল্য খুঁজে পাওয়া অসাধ্য না হলেও দুঃসাধ্য। বছরজুড়ে হারের চক্রে হাবুডুবু খাওয়া বাংলাদেশের জন্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ তিন খেলা শেষে পকেটে পুরে ফেলা কী চাট্টিখানি ব্যাপার! জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের দাপুটে জয়ে দারুণ সেই প্রাপ্তি যোগ হলো কাল। আর দলীয় সেই অর্জনের আনন...







