
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আজিজুল হক এর উপর হামলার প্রতিবাদে মীরসরাই উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ এক মৌন মানববন্ধন করে। সোমবার ( ২৪ মার্চ) সকাল ১১টায় কয়েক শত প্রাথমিক শিক্ষক মীরসরাই উপজেলা পরিষদ চত্বরে উক্ত মানববন্ধনে অংশগ্রহন করে। উক্ত মৌন প্রতিবাদ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন কে স্মারকলিপি প্রদান করে শিক্ষক নেতৃবৃন্দ। এসময় শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: শহিদুল্লাহ, সাইফুদ্দিন মীর শাহীন, ইসরাত আরা চৌধুরী, রাশেদা বানু, জেবুন্নেছা লাভলী প্রমুখ শিক্ষক মন্ডলী। মীরসরাই উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে উক্ত মানববন্ধন ও স্মারকলিপিতে উল্লেখ করা গত ৮মার্চ রাত ১০টার দিকে মীরসরাই থানা মসজিদ থেকে তারাবী নামাজ পড়ে বাসায় যাবার সময় কতিপয় দুর্বৃত্ত অতর্কিত তাঁর উপর হামলা করে তাঁকে গুরুতর আহত করে। একজন নিবেদিত প্রাণ শিক্ষকের উপর এমন হামলায় শিক্ষক সমাজ আতংকিত ও উদ্বিগ্ন। শিক্ষকগন এমন বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় পাশাপাশি হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবী ও করেন। উল্লেখ্য যে, উক্ত হামলায় আহত শিক্ষক আজিজুল হক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধিন।

