
তাকিবুর রহমান ::
শীতকাল প্রায় শেষ, এরি মধ্যে আসছে রমজান। তাই রমজানের চাহিদাকে সামনে রেখে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্থানীয় কৃষক শামসুদ্দিন জানান, তিনি বাধাকপি ও ধনেপাতা চাষে প্রায় ৪৫ হাজার টাকা বিনিয়োগ করলেও এখন পর্যন্ত মাত্র ২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছেন। কিছু ফসল এখনও জমিতে রয়েছে, তবে বর্তমান বাজারদর নিয়ে তিনি উদ্বিগ্ন। অন্যদিকে, কৃষক ফারুক জানান, তার ফুলকপির ফলন ভালো হলেও আগের তুলনায় দাম কম পেয়েছেন।

তবে সবজি চাষের গতি থেমে নেই। অনেক জমিতে এখনও বাধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি চাষ হচ্ছে। নতুন ফসল হিসেবে বেগুন, বরবটি, লাউসহ বিভিন্ন সবজি রোপণের কাজ চলছে। প্রখর রোদ উপেক্ষা করে কৃষকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আশায় বুক বেঁধেছেন আগামী দিনের জন্য। তবুও নতুন ফসলের জন্য তারা থেমে নেই, তাদের শ্রম আর স্বপ্ন মিশে আছে জমির প্রতিটি ফসলের সঙ্গে । সামনের রমজানের বাজারে অন্ত:ত ভাল দাম পেলে শীতকালিন লস কাটিয়ে উঠতে পারবেন।
