
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফ উদ্দিনের সৌজন্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আবুতোরাব মনু ভূঁইয়া পাড়া দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়।
হাজি এন্টারপ্রাইজ এগ্রো এন্ড নার্সারির স্বত্বাধিকারী ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আবুতোরাব জেড ফোর্সের দলনেতা এম হেলাল উদ্দিন, মুখপাত্র ওমর ফারুক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক সাহেদ আহসান, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল আলোকিত যুব সংঘ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ইমাম হোসেন প্রমুখ।

এসময় চিকিৎসা ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১ হাজার রোগীকে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, কিডনি রোগ, গাইনি, ডায়েট কনসালটেন্ট ও চক্ষু রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন গ্রামের অসহায় নারী-পুরুষ ও শিশুদের ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া বিভিন্ন কারনে সম্ভব হয় না। অনেক অসহায় নারী পুরুষ শহরে গিয়ে ডাক্তার দেখানো দুর্বিষহ হয়ে পড়ে। একথা চিন্তা করেই তরুণ সমাজসেবক আশরাফ উদ্দিন ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের বেশ কিছু জটিল রোগের চিকিৎসা হবে। এতে সাধারণ মানুষেরা দীর্ঘ মেয়াদে উপকৃত হবে বলে আমার বিশ্বাস।
