Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৪ টি দোকান ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাত॥

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় মীরসরাই পৌরসদরের কোর্টরোডে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, আল্লার দান লাইব্রেরী, কোহিনুর কম্পিউটার, আল নূর লাইব্রেরী ও শরিফ হোটেল। ক্ষতিগ্রস্থরা বলেন, আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের প্রতক্ষ্যদর্শীদের মতে ফেলে দেয়া সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকান্টের সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মহি উদ্দিন বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা ঋন নিয়ে এই ব্যবসা শুরু করেছি। আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ও পানিতে ভিজে দোকানের প্রায় সব মালামাল নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে ঋনের টাকা পরিশোধ করবো বুঝতে পারছিনা।

এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্তরা পৌরসভা থেকে “ডি ফরম” পূরণ করে পিআইও অফিসে জমা দিলে তা দ্রুত জেলা অফিসে পাঠিয়ে দেয়া হবে। জেলা অফিস থেকে সহযোগীতা পেলে তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দেয়া হবে।

এই ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় ভূমি অফিসের রেকর্ড রুম সহ আরো অনেকগুলো সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে।