

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার ( ৩০ জুলাই) সকাল থেকে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সকাল থেকে মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এবং দুপুরে মহাসড়কের মীরসরাই উপজেলা সদরে মিছিল শেষে মীরসরাই কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে সমাবেশ করেছে বহিষ্কার হওয়া নেতাদের অনুসারীরা। এসময় দীর্ঘ মিছিলে মহাসড়ক জুড়ে কিছুক্ষনের জন্য দীর্ঘ লাইন ও হয়ে যেতে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামকে বহিস্কার করেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীগন দলের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও উক্ত বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মিছিলগুলোতে স্লোগান দেয় উপজেলার বিভিন্ন স্থানে। বুধবার সকাল ১০টা থেকে মীরসরাই ও বারইয়াহাট পৌর এলাকা, উপজেলা সদর, জোরারগঞ্জ, বড়তাকিয়া, আবুতোরাব, করেরহাট বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ হয়। মীরসরাই উপজেলা সদরের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ারদি, বিএনপি নেতা মোশাররফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক, ইমাম হোসেন বাবলু, ইয়াসিন মিজান, গোলাম জাকারিয়া, মোজাম্মেল হোসেন, ফরিদুল ইসলাম, যুবদল নেতা ইফতেখার মাহমুদ জিপসন, নুরুল আফসার মিয়াজি, মোঃ ফয়েজ, স্বেচ্ছাসেবক দল নেতা ফোরকান উদ্দিন, কামাল উদ্দিন, শহীদ, নূরনবী, ছাত্রদল আব্দুল আল নোমান, ইনজামুল হক ইমন, মোহাম্মদ সেলিম, নাজিম সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকার প্রমুখ। এদিকে বিএনপি ও যুবদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মঙ্গলবার রাতে ও তাৎক্ষণিক করেরহাট, মীরসরাই উপজেলা সদর, বারইয়ারহাট, বড়তাকিয়াসহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মীরসরাই ও বারইয়াহাটের প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, নেতাকর্মীদের পাশে ছিলেন, আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে মীরসরাই জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মীরসরাইয়ে একটি তদন্ত টিম পাঠান। সেই টিম নুরুল আমিন চেয়ারম্যান সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত কিনা খতিয়ে দেখুক পাশাপাশি যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কোন সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল কিনা খতিয়ে দেখে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’
