
বিশেষ প্রতিনিধি- মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডে ৭ বছর বয়সী এক শিশুকন্যা ধ-র্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দুলাল ড্রাইভার। শিশুটির প্রতি সংঘটিত নির্মমতার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বারইয়ারহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

এই বিক্ষোভ মিছিল থেকে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ মীরসরাই উপজেলা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির লক্ষ্য মীরসরাই উপজেলায় নারী ও শিশুর প্রতি যৌ-ন নিপীড়ন ও ধ-র্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ ছাত্রনেতা তাহমিদ খান, ছাকিব খান, হোসাইন খান ও শাহিন চৌধুরী। এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোষীর দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা একসঙ্গে আওয়াজ তোলেন, ‘ধ-র্ষকদের জন্য কঠোর শাস্তি চাই, নিরাপদ সমাজ গড়তে চাই’। পুরো বারইয়ারহাট বাজার জনতার প্রতিবাদী কণ্ঠে মুখর হয়ে ওঠে।
