Thursday, February 26Welcome khabarica24 Online

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বিশেষ প্রতিনিধি- বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়। সেখানে পূর্বের ন্যায় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পররাষ্ট্রনীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাসপোর্টে এ সংক্রান্ত শর্ত পুনর্বহালের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো—বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ।

উল্লেখ্য, অতীতে বাংলাদেশি পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকত, “এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” তবে ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় এই বাক্যটি বাদ দেওয়া হয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি পুনরায় আলোচনায় এলে সরকার আগের অবস্থানেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।