রানা প্লাজা ট্রাজেডির এক বছর : স্বজনহারাদের কান্না
স্বজনহারাদের চাপা কান্না আর আহত শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নিদারুণ দুশ্চিন্তার মধ্যেই পার হলো রানা প্লাজা ট্রাজেডির একটি বছর। গত বছরের ২৪ এপ্রিল পাঁচটি পোশাক কারখানায় কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের ওপর ভয়াল মৃত্যুর অভিশাপ নিয়ে ধসে পড়ে সাভারের এই আটতলা ভবনটি। মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১৩৪ জন নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার শ্রমিক।
২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা ও শোক দিবস ঘোষণা করে ওইদিন সব কারখানা বন্ধ রাখা এবং রানা প্লাজা দুর্ঘটনার জন্য দায়ী সবার শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে।
এদিকে রানা প্লাজার ঘটনায় তিন মামলায় তদন্ত কাজ প্রায় শেষ করে এনেছে সিআইডি। চলছে চার্জশিট লেখার কাজ। শিগগিরই আদালতে এসব মামলার চার্জশিট দাখিল করা হবে। মামলায় আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ৪০ জনের নাম।
এখনও হারানো প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন অনেকেই। আজ বৃহস্পতিবার সকালের প্রথম প্রহর থেকে দেখা গেছে সাভারে ধসে ...







