জামায়াতবিহীন বিএনপির সমাবেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকালের গণসমাবেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের বেশির ভাগ শরিক দলের নেতারা উপস্থিত থাকলেও জামায়াতে ইসলামীর কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। সরকারবিরোধী আন্দোলনে এর আগে বিএনপির ডাকা সমাবেশ ও কর্মসূচির অগ্রভাগে জোরালোভাবে উপস্থিত থাকত জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। নিজেদের দাবি লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানের রব তুলত তারা। কিন্তু গতকাল এর কিছুই ছিল না।
দুপুর সোয়া ২টায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে সমাবেশ। এতে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেয় বিনপির তৃণমূল নেতা-কর্মীরা। চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য শোনার পাশাপাশি তাদের অনেকেই কেন্দ্রীয় ও ঢাকার নেতাদের বিরুদ্ধে ক্ষুব্ধ মন্তব্য করে। তারা বলে, কেন্দ্রীয় ও ঢাকার নেতাদের কারণেই সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে। অজ্ঞাত স্থান থেকে প্রেস বিজ্ঞপ্তি বা ভিডিওবার্তা পাঠিয়ে আন্দোলন সফল...






