
হারাধন চক্রবর্তী :: আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে উক্ত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সভাপতি বাবু অনির্বাণ চৌধুরী রাজীবের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু মোহন দে।
সভায় মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও পৌরসভা এবং উপজেলা পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দও সভায় অংশ নেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্গাপূজাকে সুশৃঙ্খল, নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল করে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
