Tuesday, July 28Welcome khabarica24 Online

ঈদে সড়কে যানজটের কোন আশঙ্কা নেই : কাদের

Narayanganj

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ঈদুলফিতরের আগে জয়দেবপুর-ময়মনসিংহ ৪ লেনের মহাসড়ক এবং ঈদুলআযহার আগে ঢাকা-চট্টগ্রাম ৪ লেন মহাসড়কের উদ্বোধন করবেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রাণ আরএফএল-এর ব্রেভার কোল্ড ড্রিংকস নির্মিত ওয়াচ টাওয়ারের উদ্বোধন করার সময় মঙ্গলবার দুপুরে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ লেন প্রকল্পের সব কাজ প্রায় শেষ। এ দুটি মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় সব সড়কের অবস্থান ভালো। সড়কের কারণে ঈদের সময় কোন যানজট হওয়ার সম্ভাবনা নেই। যে সব স্থানে ছোট ছোট সমস্যা আছে সেগুলো সংস্কারের কাজ চলছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় সড়কে যানজটের কোন আশঙ্কা নেই। মহাসড়কগুলোতে যাতে কোন প্রকার চাঁদাবাজি এবং যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিআরটিএ এর মোবাইল টিমকে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ কবীর, জেলা ট্রাফিক পুলিশের এএসপি বদরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্লাহ, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল ইসলাম, সওজের উপ-সহকারী প্রকৌশলী সোহেল আহমেদ।