বান্দরবানের লামা উপজেলায় ২নং লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আমেনা বেগম (৩৫), রোজিনা বেগম (৩৪), পুতু (১০), সাজ্জাদ ( ৫), মো. আরাফাত (১৫), মো. বশির উদ্দিন(৫৫) ও ফাতেমা আক্তার(০৮)।আহত হয়েছেন সেতারা বেগম (৪৫), দলু মিয়া (৭০), জয়তুন বিবি (৬৫) সহ কয়েকজন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভার মেয়র আমির হোসেন, লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।উদ্ধার তৎপরতায় কাজ করছে লামা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, লামা থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগন। মৃতদের স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ জানান, প্রত্যেক নিহতের পরিবারকে জন প্রতি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে। তবে ভারী যন্ত্রপাতি না থাকা ও বৃষ্টিতে কাজ ব্যাহত হচ্ছিল।সকালে সেনাবাহিনী উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ চলছে বান্দরবানে। মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

