Tuesday, July 28Welcome khabarica24 Online

মুস্তফা কামালকে বাদ দিয়ে ট্রফি দেওয়া অগ্রহণযোগ্য

prime minister-001_71939

 

সদ্য সমাপ্ত একাদশ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আইসিসি সভাপতি আহম মুস্তফা কামালকে পুরস্কারবিতরণী অনুষ্ঠান থেকে বাদ দেওয়া ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর শেরে বাংলা নগরীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মঞ্চে আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালকে ঢুকতে না দেওয়া খুবই দৃষ্টিকটু। তা খুবই অন্যায় হয়েছে। সভ্য বিশ্বের কোনো ব্যক্তিই এমনটি মেনে নিতে পারেন না।’একনেক সভায় অংশ নেওয়া উর্ধ্বতন একটি সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে আমরা দেখেছি আইসিসির সভাপতি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যদি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতেন, তাহলে কোনো কথা ছিল না। কিন্ত যা করা হয়েছে ক্রিকেট বিশ্বে এটি দুর্ভাগ্যজনক।’বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজে আম্পায়ারিংয়েরব্যাপারে ফের হতাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আম্পায়ারিং সিদ্ধান্ত বাজে ছিল তা নিয়ে যে কেউ মন্তব্য করতে পারে। এ নিয়ে কামালের মন্তব্য করার অধিকার আছে। কিন্তু কামালকে বাদ দিয়ে ট্রফি দেওয়া অগ্রহণযোগ্য।’এদিকে,  বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজে অ্যাম্পায়ারিংয়ের প্রতিবাদে আজ দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আপিল করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ক্রীড়াসচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার বরাবরে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।অন্যদিকে, সোমবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গণসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোস জানান, আগামী ১ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করবেন আইসিসি প্রেসিডেন্ট।উল্লেখ্য, আইসিসির সংবিধান অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন আইসিসি প্রেসিডেন্ট। তবে এবার আইসিসি প্রেসিডেন্টকে উপেক্ষা করে চ্যাম্পিয়ন দল অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে শিরোপা তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান ভারতের নারায়ণস্বামী শ্রীনিবাসন।