
বিশেষ প্রতিনিধি- মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে ৭ বছর বয়সী শিশু আরিফার উপর বর্বরোচিত ধ-র্ষ-ণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। অভিযুক্ত দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ, মীরসরাই উপজেলা’-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা ‘তুমি কে, আমি কে?—আরিফা, আরিফা!’ শ্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা।
আন্দোলনের সঞ্চালনা করেন তাহমিদ খান। এতে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মুশফিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ।
বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দুলালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, “ধ-র্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে। আমরা চাই দুলালের ফাঁ-সি হোক এবং এমন অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
উল্লেখ্য, গত ১ এপ্রিল মীরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
