রামপুরায় সরকারি জমি দখল করে টং বাড়ি তৈরি ও বাড়ি দেবে গিয়ে ১২ জন নিহতসহ আরও হতাহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করতে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিএমপির রামপুরা থানা পুলিশ এ মামলা দায়ের করে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, খাস জমি দখল করে টং বাড়ি নির্মাণের অভিযোগে মনির হোসেনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯। মনির হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদসংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে গড়ে তোলা হয় দোতলা টিনের টং ঘর। ওই বাড়িতে ২৪টি রুম তৈরি ছিল।বুধবার বিকাল ৩টার দিকে ঝিলের ওপর নির্মিত দোতলা টিনশেড ঘরটি দেবে গিয়ে একই পরিবারের তিনজনসহ ১২ জন নিহত হয়। এই ঘটনায় আরো প্রায় ২০ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছেন।নিহতরা হলেন : আখের রস বিক্রেতা বরগুনার নিজাম (৪৭), তার স্ত্রী কল্পনা বেগম (৪২), স্থানীয় মুদি দোকানদার বরিশালের হারুন অর রশিদ (৫৬), খলিলুর রহমানের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৪), ছেলে সবুজের বউ রোকসানা (২২), রিকশাচালক মিজানুর রহমান (৩০), রানা (১৪), ঝালকাঠীর মাসুদের স্ত্রী সাজিদা (১৯), ফারজানা (৯), জোসনা বেগম (৪০) বাড়িটির ম্যানেজারের ছেলে জাকির (৩০)।

