
নিজস্ব প্রতিবেদক– চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আন নূর পাঠাগার এর উদ্যোগে স্থানীয় অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রহমতাবাদ সরওয়ার আলী কারী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আন নূর পাঠাগারের আহব্বায়ক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান একাডেমী চট্টগ্রামের প্রিন্সিপাল কেফায়েত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কলিম উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি মুমিনের দায়িত্ব। আন নূর পাঠাগার তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সক্রিয় সদস্য আখতার ফারুক মামুন, সাখাওয়াত হোসেন, হাফেজ শেখ ফরিদ, মোঃ মহিউদ্দিন, নুরুস সালাম ও মোহাম্মদ আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, রহমতাবাদ এলাকার প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও জনকল্যাণমূলক এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
