
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে বর্ণাঢ্য র্যালী করেছে উপজেলা বিএনপি, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা শাখা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মীরসরাই উপজেলা সদরে আয়োজিত আনন্দ মিছিলটি ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক সহ কলেজ রোড ও উপজেলা সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। মিছিল শেষে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আমিন এমপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মো: আলমগীর, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, অলিউল কবির ইকবাল সহ বিএনপির প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী ।
