
নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের মীরসরাইয়ে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির জোরারগঞ্জ উপশাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ, করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ এবং জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সভাপতি আজিজুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক জোরারগঞ্জ উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মুহাম্মাদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ক্যাশ ইনচার্জ সোহেল আল হামিদ, রাজিব দে, ডেপুটি জুনিয়র অফিসার সাব্বির উল আলম, জাহাঙ্গীর আলম জুয়েল ও দিদাদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ জীবনে আর্থিক পরিকল্পনা ও ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর।
বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। তাই এখন থেকেই ব্যাংকিং ও সঞ্চয় সম্পর্কে ধারণা অর্জন করা প্রয়োজন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
