Thursday, February 26Welcome khabarica24 Online

ব্যাংককে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক, ইতিবাচক ও গঠনমুলক সম্পর্ক চায় ভারত।

বিশেষ প্রতিনিধি– থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন এবং কূটনৈতিক, সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্যসহ নানা বিষয়ে যৌক্তিক আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। মোদি সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন এবং উসকানিমূলক বক্তব্য এড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি আশা করেন, সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করবে।

তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধের বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষই এসব বিষয়ে সমাধানের আশাবাদ ব্যক্ত করে।

এছাড়া, বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গও আলোচনায় আসে। ভারতে বসে তার দেওয়া উসকানিমূলক বক্তব্য নিয়েও কথা হয়।

এই বৈঠককে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।