Tuesday, July 28Welcome khabarica24 Online

বর্ষবরণে শ্লীলতাহানি তদন্তে ২ কমিটি

72143_f2

পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটি কমিটি পুলিশের দায়িত্বে অবহেলা ও অপর কমিটি যৌন হয়রানির তদন্তের বিষয়ে তদারক করবে। অপরদিকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে ৫ জন বখাটের মুখ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। ছবিগুলো অস্পষ্ট থাকায় প্রযুক্তি বিশেষজ্ঞ দিয়ে তা স্পষ্ট করার

চেষ্টা চলছে। এরপর তাদের বিস্তারিত পরিচয় সনাক্তের জন্য অনুসন্ধান শুরু হবে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নারী লাঞ্ছনার ঘটনায় এখন পর্যন্ত কোনও অপরাধীকে পরিপূর্ণভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া ওই দিন যারা নিগৃহীত হয়েছেন তাদেরও সন্ধান মেলেনি। ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় প্রকাশিত ছবির একটি হলো চানখারপুল এক যুবককে পেটানোর, অন্যটি হলো কোনও এক নাইট শোতে এক হিজড়ার সঙ্গে কয়েকজন যবুকের হাতাহাতির ঘটনার ছবি। তিনি বলেন, যারা শ্লীলতাহানির ঘটনায় জড়িত তাদের শনাক্ত করা সম্ভব হলেই বিচার-বিশ্লেষণ করে খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিগৃহীতদের পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে ডিএমপির এই মুখপাত্র বলেন, ভিকটিমরা কেউ যোগাযোগ করলে তাদের পরিচয় গোপন রাখা হবে। এছাড়া যারা প্রত্যক্ষদর্শী তাদেরও সহযোগিতার জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে পহেলা বৈশাখের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছিল। তারাই এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর সঙ্গে পুলিশ কথা বলেছে। তিনি যে মেয়েটিকে সাহায্য করেছিলেন তার নাম-পরিচয় জানাতে পারেননি।
এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, টিএসসির ঘটনায় তারা ভিডিও ফুটেজ ও অন্যান্য বেশকিছু ছবি সংগ্রহ করেছেন। এসব ছবি বিশ্লেষণ করে অন্তত ৫ বখাটের মুখাবয়ব স্থির ছবি হিসেবে নেয়া হয়েছে। ছবিগুলো কিছুটা অস্পষ্ট থাকায় তাদের শতভাগ চেনার উপায় নেই। এজন্য বিশেষজ্ঞ দিয়ে ছবিগুলোর চেহারা যাতে বোঝা যায় তার জন্য চেষ্টা চলছে। এরপর এসব ছবি বিজ্ঞাপন ও মিডিয়ার মাধ্যমে সবখানে ছড়িয়ে দেয়া হবে। তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার ইব্রাহীম খান বলেন, আমরা ৫ জনের মতো বখাটের মুখাবয়ব পেয়েছি। তাদের শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখেছি। যেভাবে নারীদের হয়রানির কথা বর্ণনা করা হয়েছে সে রকম ভয়াবহ কিছু নেই। কিছু ধাক্কাধাক্কির ঘটনা রয়েছে। কয়েকজন বখাটেকে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। ঠিকানা পাওয়া গেলে তাদের আটক করা হবে।
ডিএমপির দুই কমিটি: টিএসসিতে যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে ও পুলিশের গাফিলতি দেখতে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানির বিষয়টি খতিয়ে দেখা ও পুলিশের গাফিলতির বিষয়টি অনুসন্ধানের জন্য ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার কমিশনার (লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। ডিএমপির পক্ষ থেকে এই ঘটনায় কারও কাছে কোনও তথ্য বা ছবি থাকলে এবং জড়িতদের পরিচয় জেনে থাকলে কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে (০১৭১১-৬০৫১৪৬) জানানোর অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপরদিকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার এসআই এ কে আজাদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার ইব্রাহীম মণ্ডল ও অপর এক সহকারী কমিশনার তদন্তে সহায়তা করবেন।
ফুটেজ বিশ্লেষণ: পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় টিএসসিতে পুলিশের স্থাপিত ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে একদল তরুণ বারবার মেয়েদের ঘিরে ধরছে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে নারীদের যৌন হয়রানির চেষ্টা করছিল তারা। পুলিশের বসানো ৫ নম্বর সিসি ক্যামেরায় সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকে ৭টা ২২ মিনিট পর্যন্ত ধারণ করা ভিডিও ফুটেজে এ রকম দৃশ্য দেখা গেছে। তবে বখাটেরা নারীদের ঘিরে দাঁড়ানোয় ভেতরের কোনও দৃশ্য দেখা যায়নি। কিন্তু বের হয়ে ওই নারীদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তারা নিগৃহীত হয়েছেন। ফুটেজে একাধিক নারীকে ধাক্কাধাক্কি করতেও দেখা যায়। রাজু ভাস্কর্যের সামনে এক নারীকে কয়েকজন ঘিরে ফেলে। একপর্যায়ে মেয়েটি হাত নাড়িয়ে প্রতিবাদ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের একটি ফুটেজে দেখা যায়, শাড়ি পরা দুজন নারী ভিড়ের মধ্যে হাঁটছেন। একজন চশমা পরিহিত মধ্য বয়স্ক, আরেকজন কম বয়স্ক। হঠাৎ সাত-আটজনের একটি দল তাদের ঘিরে ধরে। একটু পর দেখা যায়, কম বয়সের মেয়েটিকে জড়িয়ে ধরে আছেন বয়স্ক নারীটি। পোশাক ঠিক করে দিচ্ছেন। সন্ধ্যা ৭টা ৭ মিনিটের ফুটেজে হামলাকারীরা চারটি মেয়েকে একসঙ্গে ঘিরে ধরে। যাদের দুজন একেবারেই শিশু। সেসময় পুলিশ লাঠিপেটা করে ওই নারীদের উদ্ধার করে। একজনকে পুলিশের কয়েকজন মিলে ঘিরে ধরে বেদম পিটুনি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিসি ক্যামেরা কাভারেজ এলাকার বাইরেও যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক শিক্ষার্থী জানান, পহেলা বৈশাখের দিন রাতে একটি মেয়ে রিকশায় করে হলের ভেতরে গিয়েছিল। এসময় তার কাপড় কিছুটা ছেঁড়া ছিল। তাকে কাপড় ঠিক করার জন্য সহযোগিতা করেছিলেন তিনি।
এসআই আশরাফ ক্লোজড: এদিকে ঘটনাস্থলে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের অবহেলা ছিল স্বীকার করে আলী আশরাফ নামে এক এসআইকে ক্লোজ করা হয়েছে। ঘটনার সময় শাহবাগ থানার এসআই আলী আশরাফকে দুজন বখাটে ধরে দেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। কিন্তু আলী আশরাফ তাদের ছেড়ে দেন। এ ঘটনায় তাকে শাহবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
প্রক্টরের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন: বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুপুরে প্রক্টরের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র ইউনিয়ন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাসান তারেক। তিনি বলেন, নববর্ষের উৎসবের দিনে সন্ধ্যায় টিএসসি মোড়ের সোহরাওয়ার্দীর গেটের সামনে নারী ও শিশুর উপর সংঘটিত বর্বরোচিত-ন্যক্কারজনক-পাশবিক যৌন নিপীড়নের ঘটনায় দেশবাসী স্তম্ভিত হয়েছে। ঘটনা ঘটার সময় থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টর দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, খেতাব কুড়িয়েছেন অদায়িত্বশীলতার। সর্বশেষ গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্য প্রদান করে বারবার মিথ্যাচার করেছেন। এসময় দায়িত্ব পালনে চূড়ান্তভাবে ব্যর্থ অভিযোগ করে তারা প্রক্টরের অপসারণ চান। তিনি আরও বলেন, কয়েকজন নিপীড়ককে আটক করে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের কাছে সোপর্দ করলেও পরক্ষণেই পুলিশ তাদের ছেড়ে দেয়। নিপীড়কদের কেন ছেড়ে দেয়া হলো, সে ব্যাখ্যা আপামর ছাত্রসমাজ ও দেশবাসী জানতে চায়। পুলিশের ভাষ্যানুযায়ী সিসি ক্যামেরার ফুটেজে নাকি তেমন কিছু পাওয়া যায়নি। অথচ টিভিতে পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ নিয়েই দেখিয়েছে সেদিন কি কি ঘটেছিল। হাসান তারেক বলেন, একই ফুটেজে টিভি পেলো, পুলিশ কেন পেলো না? তবে কি পুলিশ অপরাধীদের আড়াল করতে চায়? নিপীড়কদের পেছনে কোন বৃহৎ রাজনৈতিক শক্তি রয়েছে যাদের প্রভাবে পুলিশও নিপীড়কের রক্ষকে পরিণত হয়েছে? তাদের ঘোষিত কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, ঢাবি শাখা সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত প্রমুখ।
ঢাবি শিক্ষক সমিতির নিন্দা: এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিএসসিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন: এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে নটর ডেম কলেজের উদ্যোগে এবং আরও ৯টি কলেজ ও ২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টিএসসিতে ‘মূল্যবোধসম্পন্ন মানুষ চাই’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা তাদের বক্তব্যে নারীর প্রতি এই যৌন হয়রানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে এবং যৌন সন্ত্রাসী ও কর্তব্যে অবহেলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ছাত্রদলের বিক্ষোভ মিছিল: কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় বকশীবাজার মোড়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাবি ছাত্রনেতা রজিবুল ইসলাম, হাফিজুর রহমান, আল ইমরান রিপন, আনিসুর রহমান শামীম, আমিনুর রহমান, আলমগীর কবিরসহ আরও অনেকে। সকাল সাড়ে ১০টায় শাহবাগ থানার সামনে থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে একটি মিছিল হয়। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় সংসদের সহসভাপতি  মনিরুজ্জামান রেজিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খানসহ ২০-২৫ জন ছাত্রদল নেতাকর্মী। কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টায় শাহবাগ আজিজ মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, বেলাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেহেদি, হানজালা, তুফান, রুবেলসহ ৩০-৪০ জন নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা বাপ্পু সরকারের নেতৃত্বে দুপুর ২টায় বাংলা একাডেমি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুজিব হলের আকতার হোসেন, করিম প্রধান রনি, শরীফ আহমেদ; জহুরুল হক হলের আনিসুর রহমান খন্দকার (অনিক), মাহবুবুর রহমান; জগন্নাথ হলের রনি নাথ, শিমন কুমার দে, এফএইচ হলের মনিরুজ্জামান মুন, একুশে হলের আল-আমিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা।
সিপিবি-বাসদের প্রতিবাদ: টিএসসিতে যৌন হয়ারানির ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল সকাল ১০টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩০-৪০ জন নেতাকর্মী রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কাছে সড়কে অবস্থান নেন। তারা ডিএমপি কমিশনারের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দেয় পুলিশ। পরে প্রতিবাদকারীরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেন, নারীদের জন্য নিরাপদ নগর চাই। পহেলা বৈশাখের দিন পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি। নারীসহ নগরে সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পরে বেলা ১১টার দিকে সিপিবি-বাসদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা অবস্থান করেন।

 

উৎস- মানবজমিন