সাহস থাকলে আমাকে তাড়ান : মমতা
ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদি ‘আমাকে বাংলা থেকে তাড়ান’ বলে চ্যালেঞ্জ ছুড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বারাসাত, বনগাঁ এবং বেড়াচাঁপায় তিনটি নির্বাচনী জনসভায় মমতার আক্রমণের মূল লক্ষ্যই ছিলেন মোদি। তুলনায় তিনি অনেক কম আক্রমণ করেছেন সিপিএম এবং কংগ্রেসকে।
শ্রীরামপুরের সভায় ২৭ এপ্রিল মোদি বাংলাদেশীদের তাড়ানোর যে কথা বলেছিলেন, অন্য সব ছেড়ে তাকেই এখন মমতা পরের দুই দফার ভোটের আগে মূল ইস্যু করে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। মোদির উদ্দেশে মমতা বলেন, ‘ক্ষমতা থাকলে আগে আমাকে বাক্স-প্যাঁটরা নিয়ে রাজ্য থেকে তাড়ান। তারপর বাংলার মা-বোনেদের গায়ে হাত দেবেন। টাচ্ মি, ইফ ইউ ক্যান। একটা লোককে তাড়ানোর সাহস নেই, বাঙালি তাড়াতে এসেছেন।’ শ্রীরামপুরের সভায় মোদি বলেছিলেন, ‘১৯৪৭ সালের পর যারা বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন, তারা বাক্স-প্যাঁটরা নিয়ে তৈরি থাকুন। ...







