
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ০২ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের আব্দুর রহমান হাজ্বী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার পুড়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যুতের সর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন আরো তীব্রতর হয়। এসময় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জীবন বাাঁচাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষনের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থরা হলেন, আবুতোরাব বাজারের ব্যবসায়ী মোঃ মোশাররফ, মোঃ অজিউল্লাহ, মাঈন উদ্দিন রুবেল, সাইফুল ইসলাম, নুরুল মোস্তফা, নুরুল ইসলাম, শাকিল শুক্কুর মিয়া, মোঃ সবুজ, মোঃ সাহিন, সফিউল্লাহ, ফরফুরের নেছা ও ফরিদা বেগমের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে আগুনে ৬ টি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, বিকাশ মোবাইল, মোবাইল কার্ড (বিক্রয়ের), মূল্যবান কাগজপত্র, একটি গরু ও ব্যবসার জন্য রাখা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ঈসমাইল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মিরসরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন থেকে আরো দুটি ঘর রক্ষা করতে সক্ষম হই। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
এসময় ঘটনাস্থল পরিদর্শনে করেন মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, ১১নং মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর।
