Tuesday, July 28Welcome khabarica24 Online

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মেট্রোরেলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে

খবরিকা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের পথ তৈরির পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে ক্যাম্পাসে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় মেট্রোরেলের পক্ষে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের চৈতালী, বৈশাখী, ক্ষণিকা ও শ্রাবণ বাসের শিক্ষার্থীরা। তারা জানান, যানজটের কারণে আমরা যারা বাইরে থেকে আসি, তাদের ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা অপচয় হয়। আমরা চাই মেট্রোরেল হোক।

এর ঘণ্টাখানেক পর কয়েকগজ দূরে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের সামনে সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে মেট্রোরেলের বিপক্ষের দেড়শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। তারা জানান, আমরা মেট্রোরেলের বিরোধিতা করছি না। আমরা মেট্রোরেল চাই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে নয়। এর রুট পরিবর্তন করতে হবে।

রাজধানীতে মেট্রোরেল রুট নির্মাণে ইতোমধ্যে অ্যালাইনমেন্ট ও ১৬টি স্টেশনের নকশা চূড়ান্ত হয়েছে। স্টেশনগুলো হবে- উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেইট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক এলাকায়।