Sunday, September 20Welcome khabarica24 Online

শোকাবহ মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

bangabandhu_301193

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জ্বালানো হয় মোমবাতি। ২০১৫ সালে বঙ্গবন্ধু হত্যার ৪০তম বার্ষিকীতে আওয়ামী লীগ ৪০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে আগস্টের প্রথম প্রহরে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুণ-অর-রশীদ, ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে শনিবার সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হয়েছে। গোপাগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন। বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন জেলার আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কৃষক লীগ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব রহমানকে। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু, পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলও নিহত হন সেই রাতে। ঘৃণ্য এ হত্যাকাণ্ড স্মরণে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।