মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এছাড়া আজ রোববার সারা দেশে দোয়া দিবস ঘোষণা করেছে দলটি।শনিবার রাতে দলটির ওয়েবসাইটে এবং কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পর হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে। এ মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। সাক্ষীদের পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়।বিবৃতিতে বলা হয়, যে সোহাগপুরে কথিত ঘটনার অভিযোগে ফাঁসি কার্যকরের নামে তাকে হত্যা করা হল তার সঙ্গে কামারুজ্জামানের দূরতম কোন সম্পর্ক নেই।বিবৃতিতে মকবুল আহমাদ আরো বলেন, যারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছে ইতিহাস কখনো তাদের ক্ষমা করবে না। এই জালেম সরকারকে বিচারের নামে অবিচারের এবং পরিকল্পিত এ হত্যাকান্ডের জন্য জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে।বিবৃতি বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।প্রসঙ্গত, শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

