Monday, July 27Welcome khabarica24 Online

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘আনন্দের আহার’ এর ইফতার ও দোয়া মাহফিল

একবেলা ভালো খাবারের আনন্দ ভাগ করে নিতে শিক্ষার্থীদের জমানো টাকায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল। ‘আনন্দের আহার’ নামক সংগঠনের উদ্যোগে মীরসরাই উপজেলার ইসলামপুর মোহাম্মদীয় নূরানী হাফেজীয়া মাদ্রাসার কুরআনের পাখিদের সম্মানে এই বিশেষ আয়োজন করা হয়।

সংগঠনটির অধিকাংশ সদস্যই শিক্ষার্থী। তারা তাদের প্রতিদিনের টিফিন বা নাস্তার টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করে প্রতি মাসে এই ধরনের আর্তমানবতা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

‘আনন্দের আহার’ সংগঠনের পরিচালক সাদেক হোসেন রোহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতা ও পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সংগঠনের সদস্য আজাদ, মিরাজ, নয়ন, ও সাফিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরিচালক সাদেক হোসেন রোহান জানান, বড় কোনো ডোনেশন নয়, বরং নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোই তাদের এই সংগঠনের মূল লক্ষ্য।