বিধিমালা না মেনে প্রচার চালানোয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।এই তিন প্রার্থী হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত এম মনজুর আলম এবং জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠ।রির্টার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, আচরণ বিধি না মেনে ভোট গ্রহণের ২১ দিন আগেই প্রচারণা চালনোয় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।পরস্পরের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে আসা তিন মেয়র প্রার্থীকেই সাত দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের নিজ নিজ আচরণের ব্যাখ্যা দিতে হবে।বর্তমান মেয়র মনজুরকে রাজনৈতিক নেতাদের নিয়ে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ব্যাখ্যা দিতে হবে।গত ২৬ মার্চ বিকালে চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে মনজুরকে সমর্থন দেওয়ার পরই রাতে নগরীর দেওয়ানহাটে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ছিলেন, তিনি মনজুরের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান।গত শনিবার প্রতিদ্বন্দ্বী আ জ ম নাছিরের নাগরিক কমিটির পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।কমিউনিটি সেন্টার ভাড়া করে সভা করা, প্রচার চালানো এবং নগরীর বিভিন্ন স্থানে পোস্টার থাকার ব্যাখ্যা দিতে হবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরকে।

