Tuesday, July 28Welcome khabarica24 Online

বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

saeed khokon_74579

 

বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ‘সহস্র নাগরিক কমিটি’ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।“পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ  দূষণমুক্ত আধুনিক ঢাকা” শিরোনামে ১৬ পৃষ্ঠার এ ইশতেহারে ৫টি বিষয়কে অগ্রাধিকার  দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে মহানগরের যানজট নিরসন, দূষণমুক্ত-নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা, পানি-গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান, পরিচ্ছন্ন দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগরী, দুর্নীতি সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ও নাগরিকদের নিরাপদ জীবন গড়ে তোলা।আজ রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এছাড়াও তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে ডিজিটাল মহানগরী, শিক্ষার সুযোগ সকলের জন্য অবারিত করা, বস্তি উন্নয়ন ও দলিত হরিজন সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও সুযোগের সমতা, আবাসন সমস্যার জরুরি সমাধান, ঐতিহ্য সংরক্ষণ, অগ্নিকাণ্ড প্রতিরোধ, ক্রীড়া ও চিত্ত বিনোদন, কামরাঙ্গীর চরের নতুন তিনটি ওয়ার্ডে সুযোগ-সুবিধা বাড়ানো, নগর প্রশাসন, ধর্মপালন, কর্মজীবী মহিলা হোস্টেল, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন, লালবাগ দূর্গে লাইট ও সাউন্ড সিস্টেম চালু, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ সম্প্রসারণ, নতুন কাঁচাবাজার তৈরি, মেটারনিটি সেন্টার নির্মাণ, সুইপার কলোনী নির্মাণ ও কমিউনিটি সেন্টার নির্মাণ, বায়তুল মোকাররম মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধিকরণ, লেক উন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা ও বিল পরিশোধে অটোমেশন পদ্ধতি চালুকরণ।ইশতেহারের শুরুতে তিনি ঢাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছেন। শেষ পৃষ্ঠায় ঢাকা দক্ষিণের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন সিটি নির্বাচন ঢাকাবাসীর জন্য অতীব গুরুত্বপূর্ন। আপনাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে ঢাকাকে বদলে দেওয়া এবং নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত আধুনিক ঢাকা গড়ে তোলা। ঢাকার সন্তান হিসেবে ঢাকার মানুষের কল্যাণ ছাড়া আমার দ্বিতীয় কোনো চিন্তা নাই। আমার পিতা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ তার সমগ্র জীবন-যৌবন ঢাকার মানুষের কল্যাণে নিয়োজিত করেছিলেন। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনাদের দোয়া/আশিবার্দ কামনা করি। এই নির্বাচনী ইশতেহারে যেসব ওয়াদা করেছি, জীবনের বিনিময়ে হলেও বাস্তবায়ন করবো। কোনো অবাস্তব, কল্পনা বিলাসী, আকাশ কুসুম কর্মসূচি প্রতিশ্রুতি দেইনি। আমি আমার কর্মসূচি “পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ  দূষণমুক্ত আধুনিক ঢাকা” দক্ষিণের সকল নারী-পুরুষ বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশে উৎসর্গ করলাম। আমাকে ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দিন।ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাঈদ খোকন। সরকার দল সমর্থিত প্রার্থী হিসেবে বাড়তি সুযোগ নিচ্ছেন, এমন অভিযোগ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি প্রমাণ করতে পারে আমি বাড়তি কোন সুযোগ নিয়েছি। তবে তিনি যেটা বলবেন, আমি সেটা মেনে নেব। এটার প্রতিশ্রুতি দিচ্ছি। অপর এক প্রশ্নে তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে ট্যানারি বর্জ্য ফেলে এবং উন্মুক্তভাবে বর্জ ফেলে পরিবেশ নষ্ট করেছে। এটাকে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে সেটাকে আবার দূষণমুক্ত করা হবে।‘সহস্র নাগরিক কমিটি’ নাগরিক কমিটি আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সাব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ড. আবদুর রাজ্জাক, গোলাম কুদ্দুস, কাজী আকরাম উদ্দিন আহমেদ, ম. হামিদ, অধ্যাপিকা নাজমা হোসেন, ডা. ইকবাল আর্সলান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, এমএ আজিজ, মৃনাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, নজরুল ইসলাম বাবু, তারানা হালিম, শাহে আলম মুরাদ, গোলাম সরোয়ার কবির প্রমুখ।