
কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি-
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বব্রুবাহন হেডম্যান পাড়া। যোগাযোগব্যবস্থা দুর্বল, স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সীমিত। বেশিরভাগ সময়ই সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নামতে হয় উপজেলার কেন্দ্রীয় এলাকায়। এমন বাস্তবতায় সোমবার (৮ তারিখ) সকালে সেনাবাহিনী পৌঁছে যায় তাদের দোরগোড়ায়।

সকালে শুরু হওয়া চিকিৎসা কার্যক্রমে এলাকার শতাধিক পাহাড়ি–বাঙালি পরিবার অংশ নেয়। সেনা চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা–নিরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। বিশেষ করে শিশু–বয়স্কদের শ্বাসকষ্ট, সর্দি–কাশি, চর্মরোগ, রক্তস্বল্পতা, পুষ্টিহীনতাজনিত সমস্যা এবং নারীদের সাধারণ স্বাস্থ্য সমস্যার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এলাকাবাসী জানান, “আমাদের এলাকায় ডাক্তার পাওয়া খুব কঠিন। সেনাবাহিনী নিজ উদ্যোগে চিকিৎসা দিতে আসায় আমরা খুব উপকার পেয়েছি।” মানবিক সহযোগিতার অংশ হিসেবে পাহাড়ি জনপদের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে। জরুরি চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় তারা আশা করেন, এমন সেবা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে

