Wednesday, February 25Welcome khabarica24 Online

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করলো ভারত, নিহত- ৮

খবরিকা ডেস্ক- ভারতীয় বাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের দাবি, ভারতের এই হামলায় দুটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো সন্ত্রাসী ঘাঁটির অস্তিত্ব নেই।

হামলার জবাবে পাকিস্তানও পাল্টা হামলার হুমকি দিয়েছে এবং ইতোমধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে বলে জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে।

ভারত সরকার জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ এর অংশ হিসেবে নয়টি স্থানে সুনির্দিষ্ট সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নয়াদিল্লির দাবি, এই হামলা ছিল শুধুমাত্র জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার ঘাঁটিকে লক্ষ্য করে, কোনো সামরিক স্থাপনাকে নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ইসলামাবাদ ভারতের এই হামলার জবাব দিচ্ছে। এদিকে, পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং হাসপাতাল ও জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

মুজাফফরাবাদে বিস্ফোরণের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এএফপির সাংবাদিকরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। নয়াদিল্লি জানিয়েছে, ‘ন্যায়বিচার করা হয়েছে’—এই প্রতিশোধমূলক হামলার মাধ্যমে।