Friday, September 11Welcome khabarica24 Online

মায়ানীতে হাঁস নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি :-মীরসরাইয়ের ১৩ নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে হাঁস নিয়ে কথা কাটাকাটি জেরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত ব্যক্তি উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহম্মদের ছেলে ফজলুল করিম(৭০)

উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে(৬ মে) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে নিহতের ভাই বজলুল করিম জানান।

খোঁজ নিয়ে জানা যায়,পাশের বাড়ির ফয়েজ উল্লাহ’র ছেলে মো. জাকারিয়া জাহেদ ফজলুল করিমের হাঁস চুরি নিয়ে যায়। বৃদ্ধ ফজলুল করিম জাকারিয়া জাহেদকে হাঁস চুরির কথা জিজ্ঞেস করাতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। এক পর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুই দিন আগে জাকারিয়া জাহেদ আমার ভাইয়ের ৪/৫ টি হাঁস চুরি করে নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার এক পর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে সে মারা যায়। সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।