ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণসহ চিকিৎসা ও মানবিক সহায়তা দেবে বাংলাদেশ। শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।সাংবাদিকদের শাকিল বলেন, তাদের এই মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রতিবেশী বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । চিকিৎসা সহায়তা, মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বাংলাদেশ সরকার নেপালের সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে যোগাযোগ করছে বলে জানিয়েছেন মাহবুবুল হক শাকিল।শক্তিশালী ভূমিকম্পে নেপালে ধসে পড়েছে বহু ভবন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা হাজারের কাছে। শনিবার দুপুরে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠে।

