Thursday, October 22Welcome khabarica24 Online

না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

7-murder-2_144086_144109

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পুর্ণেন্দু বালাকে আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালত এই আদেশ দেন। এর আগে ওই র‌্যাব সদস্যকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।
শুক্রবার দুপুরে রাজধনী ঢাকা থেকে র‌্যাবের ওই সদস্যকে আটক করা হয় বলে শনিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে মোবাইলে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই এসএমএসে বলা হয়েছে, আটক হওয়া ওই র‌্যাব সদস্যের নাম পুর্ণেন্দু বালা। তিনি র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। ৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল। এদিকে নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ৪ মে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি দাবি করেন, টাকার বিনিময়ে নজরুলসহ অন্যদের র‌্যাব তুলে নিয়ে হত্যা করেছে।