Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ের কৃতি সন্তান শেখ মহসীনের ৪র্থ একক অ্যালবাম ‘জলের আয়না’র মোড়ক উন্মোচন-(ভিডিও সহ)

 

খবরিকা ডেক্সঃ সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে বয়ে বেড়ানো জনপ্রিয় গান ‘ময়না’ দিয়ে নতুন প্রজন্মের কাছে পরিচিত মুখ শেখ মহসীন। শুধু ময়নাই নয়, এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিভাধর এ সঙ্গীতশিল্পী তিনটি সফল অ্যালবামের ধারাবাহিকতায় এবার প্রকাশ করেছে চতুর্থ একক অ্যালবাম ‘জলের আয়না’।
আজ ২০ আগস্ট দেশের প্রথমসারির প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ব্যানারে প্রকাশিত হলো অ্যালবামটি। এ উপলক্ষে আজ বিকেলে জি সিরিজ ভবনে অ্যালবামটির জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণবন্ত এ আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমান, শহীদুল্লাহ ফরায়েজী, সঙ্গীতশিল্পী হাসান চৌধুরী এবং জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূইয়া সহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা।
এসময় গীতিকার হাসান মতিউর রহমান বলেন, ‘জি সিরিজ সবসময়ই প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করে। আমাদের অডিও ইন্ডাস্ট্রিতে শুরু থেকেই এই প্রযোজনা প্রতিষ্ঠান দেশজ সঙ্গীতের প্রতি মমত্ব এবং একটা দায়বোধ থেকে কাজ করে আসছে। বলাচলে জি সিরিজ আমাদের গানকে শিক্ষিত ও পরিচ্ছন্ন করার পথে অনন্য ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘শেখ মহসিন একজন প্রতিভাবান শিল্পী। এর আগেও সে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সেই ধারাবাহিকতায় মহসিনের নতুন প্রয়াস ‘জলের আয়না’ আমাদের শ্রোতাদের চমৎকার বিনোদন দেবে বলে আমার বিশ্বাস। আমি শিল্পী শেখ মহসীন ও নতুন অ্যালবামের সাফল্য কামনা করি।’

গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী বলেন, ‘শেখ মহসীনের বেশ কিছু গানই খুব ভালোভাবে আমাদের শ্রোতারা গ্রহণ করেছেন। শ্রোতাদের চাহিদা বোঝার সামর্থ তার রয়েছে। নতুন অ্যালবামের গানগুলোও বেশ ভালো হয়েছে বলে আমার মনে হয়। আশাকরি, শ্রোতারা নিরাশ হবেন না।
শিল্পী হাসান চৌধুরী বলেন, ‘বর্তমান প্রজন্মের শিল্পীদের মধ্যে অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী শেখ মহসীন। পূর্বের ন্যায় তার নতুন অ্যালবামের গানগুলোও সঙ্গীতপ্রেমীরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূইয়া বলেন, ‘জলের আয়না’ শেখ মহসীনের চতুর্থ একক অ্যালবাম। একজন শিল্পী একটি কাজ থেকে আরেকটির অনুপ্রেরণা পায়। শেখ মহসীনও সেভাবে বীরদর্পে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন অ্যালবামের গানগুলো বেশ যত্ন করে করা হয়েছে। এখানে দেশের নবীন-প্রবীণ জনপ্রিয় গীতিকারদের লেখা গানের সন্নিবেশ ঘটেছে। আশা করছি আমাদের শ্রোতারা গানগুলো সানন্দে গ্রহণ করবেন।’

নতুন এই অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন শেখ মহসীন নিজেই। আর সঙ্গীত পরিচালনা করেছেন সূচি শামস। দেশনন্দিত আট গীতিকবির প্রাণছোঁয়া গানে এবার সঙ্গীতপ্রেমী শ্রোতা-ভক্তদের মাতাবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ মহসীন। নতুন এ অ্যালবামে গান লিখেছেন- শহীদুল্লাহ ফরায়জী, অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, ফয়সাল রাব্বিকিন, সাঈদ রহমান এবং এন আই বুলবুল।
অ্যালবামটি প্রসঙ্গে মহসীন বলেন, ‘এই সময়ের খ্যাতিমান গীতিকারদের কথায় অ্যালবামটি সাজিয়েছি। বরাবরই প্রতিটি গানের কথা ও সুরে নতুনত্ব রাখার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গানগুলো শুনে নিরাশ হবেন না।’

প্রসঙ্গত, গতবছর মহসীনের তৃতীয় একক ‘ময়না প্রকাশিত হয়। এর আগে, প্রকাশ পায় ‘পাহাড় সমান দুঃখ আমার’ এবং ‘একলা ভালোবাসি’।

ভিডিও-