Sunday, October 25Welcome khabarica24 Online

রিয়াজের স্বপ্নে মাধবীলতা

reaj
বিনোদন প্রতিবেদক, ঢাকা: এইচ.এস.এম তারিফ :
নাট্যকার ও পরিচালক রাইসুল তমালের রচনা এবং আসাদুজ্জামান সবুজের পরিচালনায় একটি একক নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক রিয়াজ ও প্রভা। সম্প্রতি তারা জুটি বেঁধে ভিন্নধর্মী রোমান্টিক নাটক “মাধবীলতা, শুধু তোমার জন্য”তে অভিনয় করেছেন। রিয়াজ প্রভা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন নাবিলা ইসলাম। নাটকে মাধবীলতা চরিত্রে প্রভা, নাফা চরিত্রে নাবিলা ইসলাম ও রুপম চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। পরিচালক আসাদুজ্জামান সবুজ বলেন , সমরেশ মজুমদারের একটি উপন্যাস পড়ে ওলট-পালট হয়ে যায় রুপমের দৈনন্দিন জীবন। তার স্ত্রীর মাঝে খুঁজে ফেরে উপন্যাসের মাধবীলতার বৈশিষ্ট্য। কিন্তু নাফা তেমন নন। এ নিয়ে রুপম ও নাফার দাম্পত্য জীবনে শুরু হয় কলহ। বিপাকে পড়ে রুপম। চিত্রনায়ক রিয়াজ বলেন, গল্পটি পড়ে আমার খুব ভাল লেগেছে। দর্শক নাটকটি দেখে একটি মেসেজ পাবে। আমাদের নাটক ও ছবিতে এই জিনিসটা খুব জরুরী। পরিচালক আসাদুজ্জামান সবুজের এই প্রথম পরিচালনা হলেও মনে হয়নি এটা তার প্রথম কাজ। প্রভা ও নাবিলা ভাল করেছে। এই টিমের সাথে জড়িত সবার শুভ কামনা করছি। আশা করছি নাটকটি দেখে সবার ভাল লাগবে। প্রভা বলেন, অনেক দিন পর একটি মানসম্মত স্ক্রিপ্টে কাজ করলাম। উপন্যাসের মাধবীলতা চরিত্রটি আমার অনেক প্রিয়। এবার সেই চরিত্রে আমি অভিনয় করেছি। পরিচালককে ধন্যবাদ আমাকে দিয়ে এই চরিত্রটি করানোর জন্য। নাবিলা বলেন, রিয়াজ ভাইয়ের ছবি দেখে বড় হয়েছি। তাই তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের। রাইসুল তমালের রচনা ও আসাদুজ্জামান সবুজের পরিচালনায় সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। অচিরেই একটি টিভি চ্যানেলে প্রচার হবে “মাধবীলতা, শুধু তোমার জন্য”।