বিশেষ প্রতিনিধি, দুবাই :
সংযুক্ত আরব আমিরাতের আজমানে সংঘবদ্ধ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আজমান সাংস্কৃতিক গোষ্ঠি দেশে বিদেশে মানব সেবা অব্যাহত রেখে পার করেছে দশ বছর। ২০০৫ সালে শেখ আব্দুল করিমকে সভাপতি ও আবুতাহের কামরুজ্জানকে সম্পাদক করে ‘ আজমান সাংস্কৃতিক গোষ্ঠি’ নামে সংগঠনের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আমিরাতের সবকটি বিভাগের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ২০০৮ সালে সংগঠনের নামে পরিবর্তন এনে ‘বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠি’ করা হয় ।
বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে পুরো আমিরাতে ধীরে ধীরে সংগঠনটি বিস্তার লাভ করে। পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ায় সংগঠনের সদস্যরা। অসুস্থ্ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, ভিসাহীন প্রবাসীদের দেশে যাওয়ার সুবিধার্থে বিমান টিকেট প্রদান করে আসছে সংগঠনের নেতারা। শুধু বিদেশে নয়, দেশেও নিজেদের কার্যক্রম অব্যাহত রেখে ঢাকার মুন্সিগঞ্জ ও নবাবগঞ্জে করেছে বৃহত্তর সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া, সংগঠন থেকে ঢাকায় বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ ও শিক্ষা উপকরণ প্রদান, শীতবস্ত্র প্রদান, নদী ভাঙ্গন কবলিত এলাকায় সাহায্য প্রদানসহ আর্ত মানবতায় সেবায় নিয়োজিত রয়েছে সংগঠনের সদস্যরা।
দশ বছরে পা দেয়ায় আমিরাতের সামাজিক ও সাংস্কৃতিক এ সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের কামরুজ্জামান নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে সুপ্রভাত বাংলাদেশ কে বলেন, ‘ শুরু থেকে দেশ-বিদেশে কিছু করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমিরাতে সরকারী সেক্টরগুলোতে আমাদের সদস্যদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সহাযোগিতা প্রদানের পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশি দাঁড়াতে চেষ্টা করছি। ইচ্ছে আছে এই সংগঠনকে রাজনীতির উর্দ্ধে রেখে আমরা সামাজিক, সাংস্কৃতিক ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাবো।’
উল্লেখ্য, বর্তমানে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে গোপণ ব্যালটের মাধ্যমে নতুন কমিটির নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। এ নির্বাচনে প্রার্থী হিসেবে আমিরাতের সবক’টি বিভাগ থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারবে।

