কুমিল্লার লাকসামে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাকসামের হরিশচরে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।লাকসাম রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন সকাল ঢাকা যাচ্ছিল। লাকসাম রেলওয়ে জংশন ও লালমাই রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটির একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলব্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. আবু তাহের জানান, এ ঘটনায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে সকাল ৮টা ৫০ মিনিট থেকে আটকা পড়ে আছে।

