অবশেষে এক হলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। সিটি নির্বাচন নিয়ে সমর্থনের বিষয়ে অস্পষ্টতা দূর করে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সাথে চকবাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা।এসময় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।নামাজ শেষে গলাগলি করে মসজিদ থেকে বের হন খোকন-সেলিম।নামাজ শেষে বের হয়ে নবাবপুরের আরজু হোটেলে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ সারেন হাজী মোহাম্মদ সেলিম ও সাঈদ খোকন।জানা গেছে, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসেই আনুষ্ঠানিকভাবে সাঈদ খোকনের পক্ষে মাঠে নামেন হাজী মোহাম্মদ সেলিম।এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাসায় হাজী সেলিমের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৈঠকে হাজী সেলিমকে সিটি নির্বাচনে সাঈদ খোকনের পক্ষে কাজ করতে বলা হয়।উল্লেখ্য, স্বতন্ত্র সাংসদ ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা তিনি জমা দেননি। এমনকি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েও শেষ মুহুর্তে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। তখন ফেসবুক স্ট্যাটাসে হাজী সেলিম লিখেছিলেন, মাননীয় স্পিকার আমার পদত্যাগপত্র গ্রহণ করেননি।আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সম্মতি পেয়ে এবার দক্ষিণের মেয়র পদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

