সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের পরাজয়ে আনন্দ উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের পরাজয় হয়। এ কারণে আজ বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের অধিকাংশ দর্শকই ছিল টিম অস্ট্রেলিয়ার সার্পোটার।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের পরাজয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ার সার্পোটাররা ভারত বিরোধী মিছিল বের করে। এসব খন্ড খন্ড মিছিল জড়ো হয় টিএসসির রাজু ভাস্কর্যে। পরে জুতো প্রদর্শন করে ভারতের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এ সময় ভারত ভূয়া বলে স্লোগান দিতে থাকে তারা। অনেকে মাথায় বাঁধেন বাংলাদেশের জাতীয় পতাকা।
মিছিলে সামিল হওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে ভারত ও আইসিসি। যার শিক্ষা আজ তারা পেয়েছে। এ জয় শুধু অস্ট্রেলিয়ার নয়, এ জয় ক্রিকেটেরও।এদিকে, ভারতের পরাজয়ে ফেসবুকেও ঝড় তুলেছে শিক্ষার্থীরা। নতুন নতুন ‘মওকা মওকা’ বিজ্ঞাপন তৈরি করে ছড়িয়ে দিয়েছে তারা।

