বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান তাদের দল নির্বাচনমুখী ও একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে বলেছেন, ‘আমরা সব সময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।’
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে মাহাবুবুর রহমান একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সবার মতামত নিচ্ছেন। কিন্তু সরকার এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি।’সভাপতির বক্তৃতায় শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন হবে কি হবে না জানি না। তবে বিদ্যমান পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মতামত আসন্ন সিটি নির্বাচনে না যাওয়ার পক্ষে।” তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এই হোক স্বাধীণতা দিবসে আজকে আমাদের অঙ্গীকার।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ ও ব্যারিস্টার হায়দার আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট, স্বোচ্ছাসেবক দলের নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাস নেতা এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

