বৃহস্পতিবার প্রথমবারের মতো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা এমসিজি নামে পরিচিত। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। লক্ষাধিক আসনের দর্শক ধারণ ক্ষমতাবিশিষ্ট স্টেডিয়ামটি ১৯৫৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছিল। এরপর থেকে শুরু হয় ক্রিকেটীয় যুদ্ধ।পেসাররা বাড়তি বাউন্স পেয়ে থাকে এমসিজির উইকেট থেকে। বাউন্সের পাশাপাশি সুইংটাও বেশ কার্যকরী ভূমিকা পালন করে। পেসারদের মনের মতো উইকেট এটি। শুধু পেসারদের বললে ভুল হবে। ব্যাটসম্যানদের জন্য আদর্শ উইকেট এমসিজি। এক কথায় পুরো স্পোর্টিং উইকেট এমসিজির। তবে পেসারদের জন্যে এটি স্বর্গ! সেই স্বর্গের মতো উইকেটে বাংলাদেশি পেসাররা কি নিজেদের মেলে ধরতে পারবে, প্রশ্নটা অনেকেরই।তবে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস, এমসিজিতে পেসাররা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারবেন। বুধবার অনুশীলনে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমাদের অনেক ভালো ভালো পেসার আছে। কিন্তু দেশে আমাদের পেসারদের পিছনে যথেষ্ট শ্রম ও সময় দেওয়া হয় না। কিন্তু একটা ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে) ভালো করার পর সবাই তাসকিন এবং রুবেলকে নিয়ে আলোচনা করছে যে, তাদের গতি ভালো ও যথেস্ট গতি নিয়ে বোলিং করতে পারে।’ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাশরাফি মাত্র ২০ রানের খরচে ৩ উইকেট নেন। এ ছাড়া রুবেল ও তাসকিন ১টি করে উইকেট নেন। সব মিলিয়ে পেসাররা আফগানিস্তানের ৫ উইকেট নেন। সবচেয়ে বড় কথা, মানুকা ওভালে সেদিন পেসারদের গতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে নিখুঁত লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করে বাংলার তিন গতিদানব।

