Friday, September 11Welcome khabarica24 Online

সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, লোকশানের আশঙ্কা খামারিদের

কোরবানির ঈদ উপলক্ষে বেনাপুল সীমান্তের অন্তত সাতটি পয়েন্ট দিয়ে ভারতীয় গরু ঢুকছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশীয় খামারি ও ব্যবসায়ীরা লোকশানে পড়বে বলে অভিযোগ উঠেছে।

বেনাপোল সীমান্তের রুদ্রপুর, পুটখালী, গোগা ও দৌলতপুরসহ সাতটি সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকছে বলে জানা গেছে।

সীমান্তে কড়াকড়িতে গত ৪ বছর প্রায় বন্ধ ছিল গরু আসা। এই সুযোগে চাহিদা মেটাতে শার্শা বেনাপোলে গড়ে ওঠে দুই হাজারেরও বেশি পশুর খামার। কিন্তু আবারও ভারতীয় গরু আসতে শুরু করায় লোকসানের আশঙ্কায় পড়েছেন খামারিরা।

খামারিদের অভিযোগ, ভারত থেকে গরু ঢুকলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্থ হয়। তবে কয়েক বছর ধরে ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় দেশে গবাদিপশু পালন আগের চেয়ে বেড়েছে বলে জানান খামারি ও কৃষকরা।

রাজস্ব কর্মকর্তাদের হিসেব অনুযায়ী গত ৪০দিনে এসেছে প্রায় ৯ হাজার পশু। গরু বাবদ সরকার ৩০ লাখ টাকা রাজস্ব পেলেও ভারতে পাচার হয়ে গেছে দেড়শো কোটি টাকার বেশি।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইছামতি নদীর পাড়ি দিয়ে এসব পশু নিয়ে আসেন চোরা কারবারিরা। পরে সীমান্তবর্তী বিভিন্ন বাড়িতে রেখে এসব গরু পাঠিয়ে দেয়া হয় ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে।

এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, গত এক মাসে সীমান্ত দিয়ে এসেছে ৬ হাজার ৪শ ৫৮টি পশু। যার মধ্যে গত এক সপ্তাহেই এসেছে ১৯৯১টি।

প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গত বছরের মতো এবারও কোরবানিতে পশুর সংকটের কোনো আশঙ্কা নেই। তাই ভারত থেকে গরু আনা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।