
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অশিক্ষাবিষয়ক মিছিল-সমাবেশে অংশগ্রহণের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা রোধে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে যে, দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে মিছিল-সমাবেশে অংশ নিচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের মাঝেও উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শ্রেণিমুখী রাখতে ও তাদের মনোযোগ শিক্ষার প্রতি ফেরাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির সাথে একটি নমুনা তালিকাও সংযুক্ত করা হয়েছে।
এছাড়া অভিভাবকদের সম্পৃক্ত করে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।
