গেল বছর টানা ক্রিকেটের মধ্যেই থাকতে হয়েছে। এ বছরের শুরু থেকেও ব্যস্ত ক্রিকেট সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একুট ফুসরত মিলেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। যে যার মতো করে পরিকল্পনার আঁটছেন ছুটি কাটানোর। অনেক ইতিমধ্যে ঘুরতে বেড়িয়েও পড়েছেন। কেউ দেশের বাড়িতে কেউবা উড়াল দিয়েছেন বিদেশে।
এই তালিকা থেকে বাদ পড়েননি পেসার মুস্তাফিজুর রহমানও। দেশে ফিরেই তিনি সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে গেছেন। বাড়িতে থাকাকালেই পিতা আবুল কাশেম গাজীর জন্য কিনেছেন একটি মেরুন রঙের এলিয়ন প্রাইভেট কার।
পরিবারের ছোট ছেলের কাছ থেকে নতুন এই উপহার পেয়ে দারুণ খুশি মুস্তাফিজের পিতা আবুল কাশেম। ছেলের কাছ থেকে উপহার পাওয়ার পর থেকেই প্রায় সময় মুস্তাফিজের বাবা নতুন এই গাড়িতে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। সবার কাছে নিজের খুশির সংবাদটাও পৌঁছে দিচ্ছেন তিনি।
পরিবারের জন্য কেনা গাড়ী প্রসঙ্গে বাঁহাতি পেসার মুস্তাফিজের গর্বিত পিতা আবুল কাশেম বলেন, ‘ছেলে ভালো কিছু করলে সব সময় আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি মুস্তাফিজ যেন সামনের ম্যাচগুলোতে আরো ভালো করে। একই সঙ্গে ও ভালো খেলে দেশের জন্য আরো বড় সুনাম বয়ে আনতে সক্ষম হবে।’

