Friday, September 11Welcome khabarica24 Online

প্রিমিয়ারে প্রশংসিত ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক- গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির প্রিমিয়ার। প্রথম দর্শনেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। উপস্থিত অতিথিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নির্মাতা দীপংকর দীপন ও কাহিনিকার সানী সানোয়ার।

ছবিটির প্রিমিয়ার শো উপভোগ করতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অভিনেতা হাসান ইমাম প্রমুখ।

‘ঢাকা অ্যাটাক’ ছবিটিতে জুটি বেঁধেছেন দুই তারকা অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মাহিয়া মাহি। এছাড়াও আছেন এবি এম সুমন ও নওশাবা। তবে ছবিতে একজন নতুন অভিনেতাকে খুঁজে পাবেন দর্শকেরা যার অভিনয়ে মুগ্ধ হতে বাধ্য। তিনি নির্মাতা তানিম রহমান অংশুর ছোট ভাই তাসকিন।

উল্লেখ্য, আজ সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। ছবিটি প্রথম সপ্তাহে ১২৫টি সিনেমা হলে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও আগামী দুই সপ্তাহ পর ছবিটি মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, ওমান ও কাতারের ২৫টি প্রেক্ষাগৃহে।