Sunday, October 25Welcome khabarica24 Online

গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

2_46575

ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরি অবস্থার ঘোষণা করে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। ইউএনআরডব্লিউএ ইতিমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে শহরটির জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে। সংস্থাটির গাজা প্রধান রবার্ট টার্নার বলেন, হঠাৎ করে আঘাত হানা বেশ কয়েকটি ঝড়ের ফলে অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হয়েছে।যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য এ পরিস্থিতি মোকাবিলা করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলি বর্বর হামলার শিকার ফিলিস্তিনিদের মধ্যে এক লাখ লোক এখনো গৃহহীন অবস্থায় রয়েছেন। এ অবস্থায় আকস্মিক বন্যা তাদের জীবন-যাপনকে আরও সংকটময় করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরা।