Friday, September 11Welcome khabarica24 Online

‘ইত্যাদি’তে একসঙ্গে প্রতীক, প্রীতম, কণা ও ঐশী

বিনোদন রিপোর্টার- বরাবরই দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের আয়োজনের অন্যান্য আইটেমের মতো গানগুলোও কথায়, সুরে ও চিত্রায়নে বেশ ব্যতিক্রমী হয়ে থাকে। যে কারণে ঈদের সময় বিভিন্ন চ্যানেলে অনেক সংগীতানুষ্ঠান ও ম্যাগাজিনের ভিড়ে ‘ইত্যাদি’র গানগুলো প্রতিবারই মানুষের মুখে মুখে ফেরে। নান্দনিক নির্মাতা হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত এসব গানের শিল্পী নির্বাচনেও থাকে ভিন্নতার ছাপ। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের ‘ইত্যাদি’তে একটি গান গাইবেন এই প্রজন্মের চারজন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, কণা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। উল্লেখ্য, প্রতীক হাসান ও প্রীতম হাসানের সংগীত শিল্পী হিসেবে যাত্রা শুরু ‘ইত্যাদি’র মাধ্যমে। প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর সঙ্গে প্রতীক হাসানকে ‘ইত্যাদি’তে উপস্থাপন করা হয়েছিল মিলুর অসুস্থ অবস্থায় তার জীবনের শেষ গানটি গাওয়ার সময়। এরপর বরিশালে ধারণকৃত ‘ইত্যাদি’র আর একটি পর্বে প্রতীক হাসানের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন খালিদ হাসান মিলুরই আরেক সন্তান প্রীতম হাসান। আর কনাকে এর আগে দেখা গেছে ঈদের ‘ইত্যাদি’তে হৃদয় খানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে। সেই অর্থে ঐশীকে প্রথমবারের মতো ‘ইত্যাদি’তে দেখা যাবে। ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এই চারজন জনপ্রিয় শিল্পী এবারই প্রথম একসঙ্গে গাইলেন। গানটি এই প্রজন্মের তরুণ-তরুণীদের হৃদয় ছুঁয়ে যাবে। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।